সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যৌথ অভিযানে এলাকা পরিষ্কার
এম আকবর হোসেন :
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রবিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্যানের অভ্যন্তরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অবৈধ দখলমুক্ত অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এবং উদ্যানকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।