উন্নয়নমূলক জাতীয় সংগঠন গঠনের লক্ষ্যে রাজধানীতে আলোচনা সভা
পারুল আক্তার :
উন্নয়নমুখী একটি জাতীয় সংগঠন গঠনের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক আড্ডা। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আলোর প্রত্যাশা’ সাহিত্য ও সংস্কৃতি সংগঠন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মানবিক, উন্নয়নমুখী ও সৃজনশীল জাতীয় সংগঠন গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জাতীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং মানবিক চেতনা বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি, সামাজিক সেবা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে একটি দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এজন্য দেশের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
আলোচনা সভা শেষে কবিদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার পাশাপাশি উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।