রাজউকে STP বাস্তবায়ন নিয়ে বিশেষ প্রেজেন্টেশন, নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, ব্যবস্থাপনায় গুরুত্বারোপ
এম আকবর হোসেন :
রাজধানীর পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং Sewage Treatment Plant (STP) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উদ্যোগে রবিবার (৫ জুলাই) দুপুর ২টায় রাজউক সভাকক্ষে “নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও Sewage Treatment Plant (STP) বাস্তবায়ন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। এছাড়া ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাবের সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, দ্রুত নগরায়ণের ফলে পরিবেশসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি জানান, ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ভবনে STP স্থাপন বাধ্যতামূলক এবং পরিবেশ সুরক্ষায় এর কার্যকর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, STP বাস্তবায়ন নিয়ে ভবন মালিক ও নির্মাতাদের মধ্যে জায়গার প্রয়োজনীয়তা, স্থাপন ব্যয় এবং বিদ্যমান ভবনে এটি স্থাপনের সম্ভাব্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দিতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে তাদের উদ্ভাবনী সমাধান ও অভিজ্ঞতা উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে STP বাস্তবায়নে রাজউক ভবিষ্যতে তদারকি আরও জোরদার করবে এবং সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করবে বলেও তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, টেকসই উন্নয়নের বৈশ্বিক ধারণা এখন ‘Reuse, Renew, Recycle’ নীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় STP স্থাপন শুধু পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেই নয়, বরং নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে STP স্থাপন ও পরিচালনা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, প্রকৌশলী, নির্মাতা প্রতিষ্ঠান, ডেভেলপার এবং ভবন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আধুনিক STP প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন প্রক্রিয়া, ব্যয় কাঠামো, প্রয়োজনীয় জায়গা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে এর কার্যকারিতা তুলে ধরে। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তবায়ন-সংক্রান্ত নানা বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে Innovations Ltd., Daiki Axis Bangladesh, Acumen Engineering Ltd., Ellipse Engineering & Construction Ltd. এবং Pivot Engineering Ltd. তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিক STP সমাধান উপস্থাপন করে।
সভার বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। STP বাস্তবায়নের মাধ্যমে রাজধানীসহ দেশের শহরগুলোকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও টেকসই নগরে রূপান্তর করা সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।