সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করলেন ডিএসসিসি প্রশাসক
এম আকবর হোসেন :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, নগরবাসীর জন্য সেবার পরিধি বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনায় আর্থিক চাপ মোকাবিলায় বিদ্যমান ট্রেড লাইসেন্সের আওতায় আদায় হওয়া সাইনবোর্ড কর বৃদ্ধির একটি অলিখিত প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।
তবে ওই প্রস্তাব পর্যালোচনা করে প্রশাসক তা সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে জানান, নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো হবে না।
এ বিষয়ে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না। করের হার বৃদ্ধি নয়, বরং নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং বিদ্যমান আয় আদায়ের দক্ষতা বাড়ানোর দিকেই গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, বিদ্যমান বাজেটের স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি রাজস্ব আহরণে আধুনিক ব্যবস্থাপনা, অপচয় রোধ এবং নতুন আয়ের উৎস তৈরির মাধ্যমে ডিএসসিসিকে আরও আর্থিকভাবে সক্ষম করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসকের এ সিদ্ধান্তের ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না, অন্যদিকে বিকল্প রাজস্ব উৎস সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থায়নের পথ খুঁজতে ডিএসসিসি আরও সক্রিয় হবে।