ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি, সবুজ নগর গড়ার আহ্বান
এম আকবর হোসেন :
রাজধানীকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। পাকিস্তান আমল থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সবুজায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, অতীতের পরিবেশবিরোধী নানা কর্মকাণ্ডের কারণে রাজধানীসহ দেশের পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। বায়ুদূষণ ও পরিবেশ দূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ সংকট থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে অল্প সময়েই কোটি কোটি নতুন গাছের মাধ্যমে পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে রাজধানীতে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।