ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসির ফগার মেশিন বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহবান
এম আকবর হোসেন :
ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইটি ছাত্রী আবাসিক হলে ফগার মেশিন বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর আজিমপুরে অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি সূত্র জানায়, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে প্রশাসক মো. আবদুস সালাম হল দুটি পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ দুটি মেশিন বিতরণ করা হয়েছে।
ফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, হলগুলোতে ফগার মেশিনের যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রশাসনের প্রতিনিধিরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।