পুরান ঢাকার গেন্ডারিয়ায় দারুস সালাম আসিয়া জামে মসজিদ এলাকার উন্নয়ন কমিটির প্রীতি সভা অনুষ্ঠিত
মাদক, চুরি-ছিনতাই নির্মূল ও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার, ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এম আকবর হোসেন :
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার শরৎ গুপ্ত রোডে দারুস সালাম আসিয়া জামে মসজিদ এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এলাকার উন্নয়ন কমিটির এক প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
বুধবার (১৪ অক্টোবর) এশার নামাজের পর অনুষ্ঠিত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং উন্নয়ন কমিটির নেতারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আবু সাঈদ। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কমিটির অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম এবং অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা জরুরি।
দারুস সালাম আসিয়া জামে মসজিদ এলাকার উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি এবং ৪০ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর হাজী মো. মকবুল ইসলাম খান টিপু।
প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি বলেন , অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উন্নয়নে আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস সভাপতির
উন্নয়ন কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আবু সাঈদ এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন কমিটির কার্যক্রম পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন। এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এলাকার উন্নয়ন শুধু একজন বা একটি কমিটির পক্ষে সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাও জরুরি।
অপরাধমুক্ত এলাকা গড়তে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ নাসির উদ্দিন,শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সভায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সভায় দারুস সালাম আসিয়া জামে মসজিদ এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর ও নিরাপদ আবাসিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে এলাকার সার্বিক কল্যাণ, শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত সবার জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।